চলতি মাসে বন্যার শঙ্কা, জানা গেল সম্ভাব্য সময়
ফাইলি ছবি
বাংলাদেশে আগস্ট মাসের প্রথম সপ্তাহের শেষের দিক থেকে ২৫ তারিখের মধ্যে বন্যা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
রোববার (৩ আগস্ট) তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ভেরিফাইড ফেসবুক পেজ তিনি লেখেন, আগস্ট মাসের ৬ তারিখের পর থেকে ২৫ তারিখের মধ্যে ২০২৫ সালের বর্ষা মৌসুমের প্রথম বন্যা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। একই সঙ্গে পদ্মা ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোতে বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।
এদিকে রোববার (৩ আগস্ট) আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর সক্রিয় ও অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে