তিস্তার পানি কমলেও ভাঙনের আতঙ্ক কাটেনি রংপুরে

তিস্তার পানি কমলেও ভাঙনের আতঙ্ক কাটেনি রংপুরে

ফাইল ছবি

 

রংপুরে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি নামার সঙ্গে সঙ্গে নদীভাঙনের আশঙ্কা বেড়েছে। গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের নদীতীরবর্তী বাসিন্দারা এখন ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি ৫২ দশমিক ০৬ মিটার উচ্চতায় প্রবাহিত হয়, যা বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচে। একই সময়ে কাউনিয়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ১৯ মিটার, যা বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে।

গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি কয়েক দফায় বিপৎসীমা অতিক্রম করে। এতে গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। একই সময়ে গঙ্গাচড়া উপজেলায় শতাধিক পরিবার নদীভাঙনের শিকার হয়েছে।

গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হিল হাদি বলেন, কয়েক দফা পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চারটি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমলেও নদীতীরের মানুষ এখনো ভাঙনের আতঙ্কে রয়েছেন।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি কমছে। ভারী বৃষ্টিপাত না হলে আগামী দুই-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে