বুড়িগঙ্গা চ্যানেল দখল রোধে মোবাইল কোর্টের অভিযান

বুড়িগঙ্গা চ্যানেল দখল রোধে মোবাইল কোর্টের অভিযান

সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরের সেকশন মোড় সংলগ্ন বুড়িগঙ্গা চ্যানেলের সরকারি জমি দখলের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (৪ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, সাঈদ হোসেন ময়না নামের এক ব্যক্তি চ্যানেলের সরকারি জমিতে অবৈধভাবে মাটি ভরাট করছেন।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে এবং তাৎক্ষণিকভাবে কিছু অংশের ভরাটকৃত মাটি অপসারণ করা হয়।

বাকি অংশের মাটি ১৫ আগস্ট ২০২৫ সালের মধ্যে সরিয়ে ফেলার জন্য অভিযুক্তের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন ডিএসসিসির কানুনগো মো. আনোয়ার হোসেন এবং সার্ভেয়ার মো. আলমগীর হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘নদী ও খাল দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে চলবে।’

অভিযান পরিদর্শনে উপস্থিত ছিলেন ৩ নম্বর অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. শফিউর রহমান।