চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ফাইল ছবি

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কলেজের ক্লাস এবং পরীক্ষা বাতিল ঘোষণা করেছে।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স কোর্সের পরীক্ষা চলমান আছে। সংঘর্ষের সময় এক শিক্ষার্থীর পায়ের গোড়ালি কেটে দেওয়া হয়।

জানা গেছে, কলেজ ক্যাম্পাসের একটি ভবনে জুলাই-আগস্টের গ্রাফিতিতে নিচে লেখা ছিল ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। পরবর্তী সময়ে কলেজ শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী গিয়ে সেখানে ‘ছাত্র’ শব্দটি মুছে দেয় এবং তার ওপর ‘গুপ্ত’ শব্দটি লিখে দেয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আইডিতে প্রচার করেন এক ছাত্রদল নেতা। বিষয়টি নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে সকালে প্রথমে উত্তেজনা শুরু হয়। দুপুর ১২টার দিকে উভয়পক্ষ মুখোমুখি হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।

ঘণ্টাখানেক তাদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া চলতে থাকে। একপর্যায়ে কলেজ ক্যাম্পাসে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। কলেজ ক্যাম্পাসের সামনে দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে।

পরবর্তী সময়ে পুলিশ ও কলেজ শিক্ষকদের হস্তক্ষেপে কলেজ ক্যাম্পাস এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শিক্ষকরা নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।