যশোরের ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে বিএনপি নেত্রী নার্গিস বেগম- একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি'র লক্ষ্যে অবিচল থাকবে

যশোরের ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে বিএনপি নেত্রী নার্গিস বেগম-  একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি'র লক্ষ্যে অবিচল থাকবে

ছবি: প্রতিনিধি

যশোর প্রতিনিধি: গণতান্ত্রিক  সরকার, ভোটের অধিকার, মানবিক ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বাকস্বাধীনতা নিশ্চিত করার একটি লক্ষ্য নিয়েই সেদিন ছাত্র-জনতার গণঅভ্যুত্থান গড়ে  উঠেছিল। বিগত ১৬ বছরে এদেশের মানুষ আশা করেছিল একটি নিরপেক্ষ  নির্বাচন হোক। কিন্তু তা হয়নি।  দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি'র লক্ষ্য অবিচল থাকবে। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত পৃথক দুটি  বিজয় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

প্রধান অতিথি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। শেখ হাসিনার নির্মম নির্যাতন,হত্যা নিপীড়ন, অত্যাচার, জুলুম ও অসম্মানের  শিকার  হয়েও যারা  বিএনপি'র পাশে সব সময় ছিল তাদের আত্মত্যাগ কখনো বিফলে যাবে না। জীবন বাজি রেখে যারা দেশ গঠন ও দল গঠনে  কাজ করেছেন তারা অমর হয়ে থাকবেন।

বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন,  আমরা রাজনীতি করি  জনগণের জন্য। ফলে সমাজ বিরোধী কোনো কার্যকলাপ কেউ করে থাকলে তার জায়গা বিএনপিতে হবে না । আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে জনগণের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছিল আমরা তা চাইনা। এদেশের  মানুষ   একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য দীর্ঘ এত বছর লড়াই সংগ্রাম করেছে। সেই সংগ্রাম যেন ব্যর্থ না হয় । এক কথায় ফ্যাসিবাদের দোসররা যা করেছে আগামীতে তা কেউ করতে পারবে না।

যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় টাউন হল ময়দান ও পালবাড়ী  ভাস্কর্যের মোড়ে অনুষ্ঠিত পৃথক দুটি বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ দুটিতে নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবিরুল হক সাবু,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,নগর বিএনপির সাধারণ সম্পাদক  এসানুল হক সেতু প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অধ্যাপক আমিনুর রহমান পিন্টু।