গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, শাশুড়ি আটক
ছবি : প্রতীকি
গাজীপুরের শ্রীপুরের বরমী মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী স্বামীর বাড়িতে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে।
অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম (৩৫) উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে।
নিহতের স্বজনরা জানান, ময়মনসিংহের পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে সুইটি আক্তার নিশির সঙ্গে শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে নুরুল ইসলামের দেড় বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৪ মাসের এক মেয়ে আছে। বিয়ের পর নিশি জানতে পারেন নুরুল ইসলাম মাদকাসক্ত ও এলাকার চিহ্নিত মাদক কারবারি। বিয়ের পর থেকে মাদকাসক্ত নুরুল ইসলাম সুইটির ওপর নির্যাতন করতেন। এছাড়াও প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগেই থাকতো। বুধবার রাত ১০টার দিকে বিয়ের ঘটক নাজমুল মোবাইল ফোনে সুইটির মৃত্যুর খবর জানান। মৃত্যুর সংবাদ শুনে নুরুল ইসলামের বাড়িতে এসে সুইটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এরপর রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় শাশুড়ি জোবেদাকে আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্থানীয় জনতা স্বামী নুরুল ইসলামের দুই বাড়িতে আগুন দেয়। আগুনে দুইটি বাড়ির আটটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে যায়।
শ্রীপুরে থানার ওসি মুহম্মদ আবদুল বারিক বলেন, স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।