স্ট্র চেটে আবার রেখে দেওয়ায় ফরাসি শিক্ষার্থীকে ৪৬৫ ডলার জরিমানা
ছবিঃ সংগৃহীত।
সিঙ্গাপুরে একটি কমলার জুস ভেন্ডিং মেশিনের স্ট্র চেটে সেটি আবার স্ট্র ডিসপেনসারে রেখে দেওয়ার ঘটনায় এক ফরাসি শিক্ষার্থীকে ৬০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৪৬৫ মার্কিন ডলার) জরিমানা করেছেন দেশটির আদালত।অভিযুক্ত দিদিয়ে গাসপার ওয়েন ম্যাক্সিমিলিয়ান (১৯) সিঙ্গাপুরে অধ্যয়নরত।
ওই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘City is not safe অর্থাৎ এই শহর নিরাপদ নয়)।’
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। পরে এটি একটি কমিউনিটি পেজে পুনরায় প্রকাশিত হলে স্থানীয় সংবাদমাধ্যমেও বিষয়টি গুরুত্ব পায়।
ভেন্ডিং মেশিন পরিচালনাকারী প্রতিষ্ঠান আইজুজ জানিয়েছে, ওই ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেশিনটির ডিসপেনসারে থাকা ৫০০টি স্ট্র বদলে ফেলা হয়েছে।
সিঙ্গাপুরের আইনে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে সর্বোচ্চ ২ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা, তিন মাসের কারাদণ্ড, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ—উভয়েই জরিমানার শাস্তির আবেদন জানিয়েছিল।
আদালতে ম্যাক্সিমিলিয়ানের আইনজীবী বিবিসিকে বলেন, ‘তিনি এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সে সময় যেটিকে তিনি হয়তো নিছক মজা ভেবেছিলেন, এখন তিনি বুঝতে পেরেছেন যে এর পরিণতি অনেক গুরুতর হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১২ মার্চ বক্সিং অনুশীলন শেষে সিঙ্গাপুরের অভিজাত এলাকা গোল্ডহিল সেন্টারে অবস্থিত একটি আইজুজ ভেন্ডিং মেশিন থেকে স্ট্র বের করে সেটি চেটে আবার ডিসপেনসারে রেখে দেন ম্যাক্সিমিলিয়ান।
উল্লেখ্য, সিঙ্গাপুরজুড়ে শপিং মল, ট্রেন স্টেশন ও আবাসিক এলাকায় আইজুজের ভেন্ডিং মেশিনে প্রতি কাপ টাটকা কমলার রস ২ সিঙ্গাপুর ডলারে বিক্রি করা হয়।