মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল
ছবিঃ সংগৃহীত
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিদান পেল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ প্রকাশিত ফিফার সর্বশেষ নারী ফুটবল র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। রেটিং পয়েন্ট বেড়েছে রেকর্ড ৮০.৫১—যা চলতি হালনাগাদ র্যাঙ্কিংয়ে বিশ্বের যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ।
আগে যেখানে বাংলাদেশ ছিল ১২৮তম অবস্থানে, সেখানে এখন রেটিং ১১৭৯.৮৭ নিয়ে ১০৪ নম্বরে। গত জুনে মিয়ানমার সফরে গিয়ে পিটার বাটলারের দল ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন এবং ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে চমক দেখায়। এই দুই জয়ে বাংলাদেশ ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। একইসঙ্গে র্যাঙ্কিংয়েও ঘটে বড় উত্থান।
নারী ফুটবলে বাংলাদেশের এটি এখন পর্যন্ত অন্যতম সেরা র্যাঙ্কিং। ২০১৩ ও ২০১৭ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সর্বোচ্চ ১০০তম স্থানে উঠেছিল—সেই রেকর্ডের কাছাকাছি আবারও পৌঁছাল লাল-সবুজের মেয়েরা।
অন্যদিকে, বাংলাদেশের কাছে হেরে যাওয়া বাহরাইন র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ পিছিয়ে এখন ১১১তম। মিয়ানমার পিছিয়েছে এক ধাপ, তাদের অবস্থান এখন ৫৬তম।
শীর্ষস্থানেও এসেছে পরিবর্তন। ইউরো রানার্সআপ স্পেন দ্বিতীয় স্থান থেকে উঠে এসেছে এক নম্বরে, নিচে নেমেছে যুক্তরাষ্ট্র। তিন ধাপ এগিয়ে তৃতীয় হয়েছে সুইডেন। কোপা আমেরিকা জেতা ব্রাজিল নেমেছে চার থেকে সাত নম্বরে। আর্জেন্টিনার অবস্থান ৩০তম।