অধিনায়কত্ব হারালেন জার্মান তারকা
ছবি: সংগৃহীত
বার্সেলোনায় চলছে গভীর অস্থিরতা। জার্মান গোলরক্ষক এবং একসময় দলের অবিচ্ছেদ্য অংশ মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। চোট ও চুক্তি সংক্রান্ত জটিলতা থেকেই শুরু হয়েছে এই বিতর্ক।
পিঠের ইনজুরির কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে পারেন টের স্টেগেন। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় অন্তত চার মাস মাঠের বাইরে থাকলে ক্লাব একজন নতুন খেলোয়াড় রেজিস্টার করতে পারে। তবে এর জন্য প্রয়োজন হয় ইনজুরির প্রমাণসহ খেলোয়াড়ের সই করা মেডিকেল ফর্ম। কিন্তু সেই ফর্মে সই করতে অস্বীকৃতি জানান টের স্টেগেন।
ফলে বার্সেলোনা এখনো নতুন কোনো খেলোয়াড় রেজিস্টার করতে পারেনি। এই ঘটনায় ক্ষুব্ধ ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা এবং বোর্ড সদস্যরা কড়া অবস্থান নিয়েছেন। এক বিবৃতিতে ক্লাব জানায়, “টের স্টেগেনের বিরুদ্ধে শুরু হওয়া ডিসিপ্লিনারি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে অধিনায়কত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে।”
তার পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। অন্যদিকে, টের স্টেগেন নিজের অবস্থানে অনড়। তিনি বলেন, “বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। এখানে প্রতিযোগিতা থাকবেই। আমি সবসময় দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত।”
স্প্যানিশ গণমাধ্যমের দাবি, এই সিদ্ধান্তের পেছনে অন্য কারণও থাকতে পারে। নতুন কোচ হ্যানসি ফ্লিক নাকি ভবিষ্যৎ পরিকল্পনায় টের স্টেগেনকে রাখছেন না। বরং প্রথম পছন্দ হিসেবে দেখা হচ্ছে স্প্যানিশ গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে, আর রিজার্ভে থাকবেন পোলিশ গোলরক্ষক ভোজচেখ শেসনি।
এদিকে, টের স্টেগেনের পাশে দাঁড়িয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনও। তবে ক্লাব ও খেলোয়াড়ের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।