চাঁদপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি : প্রতীকি
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য রিয়াজ গাজী (৩২)-কে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার মোহাম্মদপুর গ্রামের নিজ (গাজী বাড়ি) বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাদুল্লাপুর ইউনিয়নের শাহ সোলেমান লেংটার মাজার গেটের সামনে থেকে ভুক্তভোগী মো. কালু (২৪)-এর কালো রঙের জিক্সার মোটরসাইকেল (রেজি নং- ঢাকা মেট্রো-ল-৬৪-৮১৯১) কৌশলে নিয়ে যায় রিয়াজ ও তার সহযোগীরা। এ ঘটনায় পরদিন থানায় মামলা (নং-২৪, ধারা ৩৭৯/৩৪) করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে এসআই মিজানুর রহমান-৩ এর নেতৃত্বে সাজেদুর রহমান ও জহিরুল ইসলাম খন্দকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রিয়াজকে আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, মতলব উত্তরকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।