ভোলায় সাত লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ৫

ভোলায় সাত লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ৫

ছবি: প্রতিনিধি

ভোলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে সাত লক্ষাধিক টাকার শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার সকালে পৃথক পৃথক দুটি অভিযানের মাধ্যমে এ অবৈধ সিগোরেট জব্দ করা হয়। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নৌবাহিনীর বিশেষ টিম ভোলা সদরস্থ মহাজনপট্টি সার্কুলার রোড এলাকায় একটি একতলা বিশিষ্ট ভবনের বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে "শামস এন্টারপ্রাইজ" কোম্পানির শুল্ক ফাকি দেওয়া ৬ লক্ষ ৬৬ হাজার টাকার অবৈধ ওসাকা, টি-২০ ওয়েল ফিল্টার, ৫০/৫০ বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসময় ২ জনকে আটক করা হয়।

পরে বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রীজের পার্শ্ববর্তী একটি ভবনে অভিযান চালিয়ে বি শামস এন্টারপ্রাইজ কোম্পানির শুল্ক ফাকি দেওয়া ৬৫ হাজার টাকা মূল্যের অবৈধ ওসাকা, টি-২০ ওয়েল ফিল্টার, ৫০/৫০ ও ব্লাক সিগারেট জব্দ করা হয়। এসময় অবৈধ সিগারেট বাজারজাতকরণের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।

দুটি অভিযান থেকে সর্বমোট ৭ লক্ষ ৩২ হাজার শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। অভিযানকালে মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। অবৈধ সিগারেট বাজারজাতকরণের সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।