রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন হলেন হত্যা মামলায় জামিনে বের হওয়া আসামি

রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন হলেন হত্যা মামলায় জামিনে বের হওয়া আসামি

মৃত্যু ছবি

হত্যা মামলায় জামিনে বের হয়ে খুন হলেন মৃত দলিম উদ্দীনের পুত্র ওয়াজেদ আলী (৪৮)। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় সঙ্গে থাকা তার স্ত্রী লাইলী বেগম (৬০) ও ছেলে মাসুম আলী (২৮) আহত হন। রোরবার (১০ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে একই গ্রামে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় গত ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলার সাত নম্বর আসামি ছিলেন ওয়াজেদ আলী। জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন। রোববার সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের একরামুল, ফয়সাল, এমদাদুল, হান্নান ও মান্নানসহ ১০ থেকে ১৫ জন লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান।এই হামলায় ওয়াজেদ আলীর মাথা, বাঁ হাতের কব্জি ও পায়ে গুরুতর জখম হয়। এ সময় তার ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগমও আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে ওয়াজেদ আলী মারা যান।