সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

ছবি : সংগৃহীত

নীলফামারীর ডোমারে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে ডোমার রেলগেট সংলগ্ন বাটার মোড়ে এ মানববন্ধনে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা গণমাধ্যমের স্বাধীনতা এবং জনস্বার্থের ওপর আঘাত। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। আমরা সঠিক কোনো তথ্য প্রচার করতে পারি না। আর যদি সঠিক তথ্য প্রচার না করি তাহলে হয়ে যায় সাংবাদিকরা খারাপ। যদি সঠিকটা প্রচার করি তাহলে জীবন দিতে হবে আমাদের। বর্তমান প্রেক্ষাপট তো তাই শেখাচ্ছে।

যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি জুলফিকার আলি ভুট্টু বলেন, যে কোনো ঘটনা পুলিশের চেয়ে সাংবাদিক আগে জানতে পারে। আমরা মাঝেমধ্যে পুলিশের কাছে মন্তব্য নেওয়ার জন্য ফোন দেই। ওনারা বলে, আমরা এখনও জানি না, খোঁজ নিয়ে জানাচ্ছি।। আমাদের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ না হলে গণমাধ্যমকর্মীরা কঠোর আন্দোলনে যাবে।

সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল বলেন, ইতোপূর্বে বিভিন্ন সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এরকম ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের সমান। এসময় তিনি সাংবাদিক সুরক্ষা আইন এবং সাংবাদিকদের নিরাপত্তার বিধান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মোজাফফর আলীর সভাপতিত্বে রওশন রশিদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন— এনটিভি জেলা প্রতিনিধি ও নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন, সাংবাদিক রতন রায়, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, শিশু সাংবাদিক মাহমুদ হাসান, বিজয় টিভির জেলা প্রতিনিধি গোলাম রব্বানী প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মাহির মিলন এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা সভাপতি গোলাম আইয়ুব কুদ্দুস