পটুয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় তাসফিয়া তাবাচ্ছুম রাইছা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পৌরসভার বাদুরতলী মহল্লার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তাসফিয়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে।
জানা যায়, কয়েকদিন ধরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সোনাতলা গ্রামের নানা রুহুল আমিনের (৭০) বাড়িতে থাকছিলেন তাসফিয়া। বিকেলে নানা-নানির ঘরে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। নানি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় তিন থেকে চার বছর ধরে মানসিক রোগে ভুগছিল তাসফিয়া। বাবা-মায়ের ডিভোর্স হওয়ার পর থেকেই তার জীবনে অস্থিরতা দেখা দেয়। কিছুদিন আগে কুটাকাটা থেকে পুলিশ তাকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করেছিল। তবে মায়ের কাছে না থেকে সে নানাবাড়ি চলে আসে।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।