রাশিয়ার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
সংগৃহীত
রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি কারখানায় আকস্মিক বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাশিয়ার জরুরি মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানায়, মস্কো থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই বিস্ফোরণ ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ বলেছেন, কারখানার একটি ওয়ার্কশপের ভেতরে আগুন লাগার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি।
রয়টার্স জানিয়েছে, এর আগে ইউক্রেন এই অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। কিছু রুশ সংবাদমাধ্যম ধারণা করছে, বারুদের আগুনের কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। কারখানাটিতে কী ধরনের পণ্য উৎপাদিত হতো, সে সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।