জেনে নিন ডায়াবেটিস রোগীদের জন্য ২ মিষ্টি খাবার তৈরির রেসিপি
ছবিঃ সংগৃহীত।
ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি খাবারে রয়েছে বারণ। তবে চিনি ছাড়াও কিন্তু সুস্বাদু ডেসার্ট বানিয়ে ফেলা যায়। দুই ধরনের মিষ্টি খাবারের রেসিপি জেনে নিন, যেগুলোতে চিনি নেই এবং গ্লাইসেমিক ইনডেক্স কম। তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া এড়িয়ে চলতে হবে।
সুগার-ফ্রি সেমাই
উপকরণ
সেমাই (পাতলা, ভাজা) – ১ কাপ
দুধ (লো-ফ্যাট) – ২ কাপ
পানি – ১ কাপ
স্টেভিয়া পাউডার – ১ থেকে ১.৫ চা চামচ (স্বাদ অনুযায়ী)
এলাচ – ২–৩টি
দারচিনি – ছোট টুকরো ১টি (ঐচ্ছিক)
ঘি – ১ চা চামচ
কিশমিশ – ১ টেবিল চামচ (ঐচ্ছিক, কম পরিমাণে)
কাজু/বাদাম – ১ টেবিল চামচ (কুচি করা)
প্রস্তুত প্রণালি
একটি নন-স্টিক প্যানে ১ চা চামচ ঘি গরম করে সেমাই হালকা বাদামি রঙ না আসা পর্যন্ত ভেজে নিন। অন্য একটি হাঁড়িতে লো-ফ্যাট দুধ ও পানি মিশিয়ে হালকা আঁচে ফুটতে দিন। দুধ ফুটে উঠলে ভাজা সেমাই ঢেলে দিন এবং এলাচ ও দারচিনি দিয়ে দিন। হালকা আঁচে ৫–৭ মিনিট রান্না করুন, যতক্ষণ সেমাই নরম না হয়। সেমাই নরম হয়ে গেলে চুলা বন্ধ করার ১ মিনিট আগে স্টেভিয়া পাউডার দিন (স্টেভিয়া বেশি সময় গরম করলে তেতো হয়ে যেতে পারে)। কিসমিস ও কুচি করা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
জেনে নিন
স্টেভিয়া গুঁড়া ব্যবহার করলে সবসময় পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন, কারণ এটি চিনি থেকে অনেক বেশি মিষ্টি। বেশি শুকনো সেমাই পছন্দ করলে দুধ কম ব্যবহার করুন, আর পাতলা সেমাই চাইলে দুধ ও পানি বাড়ান।
সুগার ফ্রি খেজুর-বাদাম লাড্ডু
উপকরণ
খেজুর – ১ কাপ (বীজ ছাড়া, নরম)
বাদাম – আধা কাপ
কাজু –আধা কাপ
আখরোট – ১/৪ কাপ
তিল – ২ টেবিল চামচ
এলাচ গুঁড়া –আধা চা চামচ
প্রস্তুত প্রণালি
শুকনা কড়াইয়ে বাদাম, কাজু, আখরোট ও তিল হালকা ভেজে নিন। ব্লেন্ডারে এগুলো মোটা করে গুঁড়া করুন। খেজুর ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। সব উপকরণ একসাথে মেখে ছোট ছোট লাড্ডু বানিয়ে নিন। এয়ারটাইট কন্টেইনারে রেখে ৭–৮ দিন সংরক্ষণ করা যাবে। প্রাকৃতিক মিষ্টির উৎস হিসেবে খেজুর ব্যবহার করা হয়েছে। বাদামজাতীয় খাবারে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন থাকে।