জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ল একদিন

জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ল একদিন

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। 

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৯ আগস্ট) জাকসু নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তফসিল অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা বেধে দিয়েছিল প্রশাসন। তবে বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়ায় দেখা দেয় বিড়ম্বনা।

এ ছাড়া মনোনয়ন সংগ্রহে প্রস্তুতির জন্য অধিকাংশ ছাত্রসংগঠন ও শিক্ষার্থীর সময় বাড়ানোর দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

তবে ২০ আগস্ট আখেরি চাহার সোম্বার জন্য বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম বন্ধ থাকবে। এ দিন মনোনয়ন ফরম সংগ্রহ জমা দেওয়া যাবে না।

সোমবার মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য প্রার্থীদের মধ্য থেকে ১৩২টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।