আমদানিতে কমলো শুল্ক, হিলি বন্দরে চাল খালাস শুরু

আমদানিতে কমলো শুল্ক, হিলি বন্দরে চাল খালাস শুরু

ছবি : সংগৃহীত

চাল আমদানিতে শুল্কহার ৬৩ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কাস্টমসের সার্ভারে এ সংক্রান্ত নোটিশ আপলোড করা হয়। এর ফলে শুল্ক জটিলতার কারণে গত ৭ দিন ধরে হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে।

ব্যবসায়ীরা আশা করছেন, চাল খালাস শুরু হলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দামও কমে আসবে।

প্রায় চার মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে চাল আমদানি শুরু হয়। তবে শুল্ক জটিলতার কারণে বন্দরে ৬৪টি ট্রাকে মজুত থাকা ২ হাজার ৮১৪ টন চাল আটকে ছিল।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে গত সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। কিন্তু শুল্ক জটিলতায় গত এক সপ্তাহ ধরে আমরা চাল খালাস করতে পারিনি। আজ দুপুর থেকে চাল খালাস শুরু হয়েছে। এসব চাল দেশের বিভিন্ন বাজারে পৌঁছালে দাম অনেকটা কমে আসবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, জাতীয় রাজস্ব বোর্ড চাল আমদানিতে বিদ্যমান শুল্কহার ৬৩ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে। এখন ব্যবসায়ীরা বিল অব এন্ট্রি জমা দিয়ে ২ শতাংশ শুল্ক পরিশোধের মাধ্যমে আমদানিকৃত চাল খালাস নিতে পারবেন।