পেঁয়াজ আমদানিতে আইপি বন্ধ, বেড়েছে দাম
ফাইল ছবি
দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে এরপর আর কোনো ইমপোর্ট পারমিট (আইপি) না দেওয়ায় বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। এ দিকে আমদানি বন্ধের খবরে হিলির খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা বেড়েছে। বর্তমানে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৭০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা যায়।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি আর হবে না—এমন খবরে দেশের মোকামে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। একইভাবে বন্দরের পাইকারি বাজারে আমদানিকৃত পেঁয়াজও বেশি দামে বিক্রি হচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের তুলনায় ক্রেতা অনেক কম।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর আমরা প্রচুর পরিমাণ পেঁয়াজ ক্রয় করে ভারতের অভ্যন্তরে ট্রাকে লোডিং অবস্থায় রেখেছি। বর্তমানে প্রায় ১৫০টি ট্রাক সেখানে লোডিং অবস্থায় রয়েছে। যদি বাংলাদেশ সরকার আমদানির অনুমতি না দেয়, তবে বন্দরের ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, বুধবার (২০ আগস্ট) ভারতীয় ৯টি ট্রাকে ২৭০ টন পেঁয়াজ—পূর্বের এলসির ভিত্তিতে—আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।