ঢাকায় কার্গো লিফটের চাপায় প্রাণ গেল গাড়িচালকের

ঢাকায় কার্গো লিফটের চাপায় প্রাণ গেল গাড়িচালকের

ছবি : প্রতীকি

রাজধানীতে কার্গো লিফটের চাপায় এক গাড়িচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শেওড়াপাড়ার শামীম সরণির বিপরীত পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে। 

নিহত গাড়িচালকের নাম আকবর হোসেন। তিনি ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামের কৃষক মো. আব্দুল হাইয়ের ছেলে ও বর্তমানে শেওড়াপাড়ার মাদবর পুকুরপাড় এলাকায় থাকতেন।

আকবর হোসেনের বড় ভাই আশরাফুল বলেন, রাতে কার্গো লিফটে গাড়ি ওঠানোর সময় লিফটের ভেতর চাপায় নিচে পড়ে গুরুতর আহত হয় আকবর। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।