ভালুকায় চার একর জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

ভালুকায় চার একর জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় প্রায় ৪ একর জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার ডাকাতিয়া গ্রামে ধান কেটে নেওয়ার ওই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া গ্রামের শ্রী নরেন্দ্র সরকারের ছেলে শ্রী নিরাঞ্জন সরকারসহ অন্যান্যরা পৈত্রিক সূত্রে পাওয়া উপজেলার ডাকাতিয়া মৌজায় ৮৪৮৮ ও ৮৪৮৯ নম্বর দাগের ৬ একর জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছেন।

 

সম্প্রতি একটি পক্ষ জোরপূর্বক ওই জমি জবর দখলের চেষ্টা চালায়। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার সালিস-দরবার হলেও কোনো ফয়সালা হয়নি। এরই জের ধরে গত শুক্রবার ভোর রাতে সংঘবদ্ধভাবে কেটে নেওয়া হয় ওই জমির প্রায় চার একরের পাকা ধান। ওই সময় খোঁজ পেয়ে জমির মালিকরা জমিতে গিয়ে ডাক চিৎকার দিলে ওরা প্রাণনাশসহ নানান হুমকি দিয়ে চলে যায়।

ওই ঘটনায় শ্রী নিরাঞ্জন সরকার বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন। অভিযোগে ৯ জনের নাম উল্লেখসহ আরো ৬-৭ জনকে আসামি করা হয়েছে।

শ্রী নিরাঞ্জন সরকার জানান, পৈত্রিক সূত্রে পাওয়া ৬ একর জমি দীর্ঘদিন তারা ভোগ দখলে আছেন। এবছরও তারা ওই জমিতে ধান লাগিয়েছেন।

অভিযুক্তরা অনেকদিন ধরে তাদের ওই জমিটি জবর দখলে নেওয়ার জন্য পাঁয়তারা করছে। ঘটনার দিন ভোর রাতে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে প্রায় ৪ একর জমির পাকা ধান কেটে নেয়। তিনি প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার দাবি করছেন।

তিনি জানান, ধান কেটে নেওয়ার ঘটনায় তিনি বাদি শাহিন মিয়া, আলম মিয়া, আবু সাইদ, রাউজুদ্দিন, শফিকুল ইসলাম, মো. রোস্তম আলী, কুদ্দুস মিয়া, আব্দুল মালেক ও সোরয়ার্দী ঠান্ডর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬-৭ জনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন।

ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক অ্যাডভোকেট নিতাই চন্দ্র বর্মণ (মন্ডল) বলেন, ‘এটি একটি সুস্পষ্ট জমি দখলের অপচেষ্টা।

আইনগতভাবে আমাদের জমির মালিকানা প্রমাণিত। এভাবে রাতের আঁধারে ফসল কেটে নেওয়া সম্পূর্ণ বেআইনি ও অন্যায়। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

অভিযুক্তদের একজন শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।