দেশে ফাইবার অপটিক্যাল কেবলশিল্পের অমিত সম্ভাবনা রয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব

দেশে ফাইবার অপটিক্যাল কেবলশিল্পের অমিত সম্ভাবনা রয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব

সংগ্রহীত ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের (বাকেশি) পরিবেশবান্ধব ও দূষণমুক্ত সবুজ কারখানার আন্তর্জাতিক সার্টিফিকেশন গ্রহণের উদ্যোগ নিতে হবে, তাহলে এখানকার উৎপাদিত পণ্যগুলোর ব্র্যান্ডভ্যালু বাড়বে। একই সঙ্গে এখানে উৎপাদিত পণ্যের নতুন ও সম্ভাবনাময় বাজার ও ক্রেতা খুঁজে বের করতে হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ও সার্বিক সহযোগিতা করবে।’

বৃহস্পতিবার (২১ আগস্ট) খুলনার শিরোমণির বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড (বাকেশি) পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভায় তিনি একথা বলেন।

 তিনি বলেন, আগামীতে হয়তো পুরনো প্রযুক্তির পাওয়ার কেবল বা টেলিকম কেবলের চাহিদা কমবে। আবার নতুন প্রযুক্তির কেবলের চাহিদা বাড়বে। বাংলাদেশ কেবলশিল্প লিমিটেড বিভিন্ন প্রজন্মের কেবল উৎপাদন করে। এখানে ক্রমাগত পুরনো প্রযুক্তির বদলে নতুন প্রযুক্তি প্রয়োগের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

কেননা দেশে ফাইবার অপটিক্যাল কেবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে। কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্র বিবেচনায় নিলে দেশে পাঁচ লাখ কিলোমিটার ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক থাকা প্রয়োজন। কিন্তু দেশে কেবল দেড় লাখ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। 

মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, বাকেশির ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ প্রমুখ।

 পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব টেলিটক বাংলাদেশের খুলনা বিভাগীয় অফিস, বিভাগীয় পোস্টমাস্টার জেনারেল অফিস ও বিটিসিএলের বিভাগীয় অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন।