নিষিদ্ধ ‘জুয়ার অ্যাপ’ কি ভারতের জার্সিতে থাকছে?

নিষিদ্ধ ‘জুয়ার অ্যাপ’ কি ভারতের জার্সিতে  থাকছে?

সংগ্রহীত ছবি

এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপ নিষিদ্ধ করে ভারতের কেন্দ্রীয় সরকার পাশ করেছে ‘অনলাইন গেমিং বিল’। আর সেই আইনের আওতায় এসেছে ভারতের বর্তমান জার্সি স্পন্সর ‘ড্রিম ১১’। ফলে প্রশ্ন উঠেছে—এশিয়া কাপে কি স্পন্সরবিহীন জার্সি পরেই মাঠে নামবেন রোহিত শর্মারা?

২০২৩ সালের জুলাই থেকে ভারতীয় দলের জার্সির স্পন্সর ‘ড্রিম ১১’।

তিন বছরের জন্য ৩৫৮ কোটি রুপির এই চুক্তি আছে ২০২৬ সালের জুলাই পর্যন্ত। কিন্তু নতুন আইন কার্যকর হওয়ার পর তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্পন্সর প্রতিষ্ঠানও মুখ খোলেনি।

তবে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, ‘যদি সরকারের অনুমতি না পাই, তাহলে আমরা কিছুই করতে পারব না। কেন্দ্রীয় সরকার যে নীতি নেবে, সেটিই আমরা মেনে চলব।’ অর্থাৎ ভারতের জার্সিতে স্পন্সর থাকছে কি না, সেটি পুরোপুরি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

এদিকে সংবাদমাধ্যম ‘স্পোর্টসস্টার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রায় ৪৫ কোটি মানুষ বেআইনি ঘোষণা করা এসব গেমিং অ্যাপ ব্যবহার করে এবং এ থেকে আয় হয় ২০ হাজার কোটি রুপিরও বেশি।

নতুন আইনে এ ধরনের অ্যাপ প্রচার করলেও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

কেন্দ্রের সিদ্ধান্তের পর ‘ড্রিম ১১’ জানিয়েছে, তারা আর টাকার বিনিময়ে কোনো অনলাইন খেলা চালাবে না। তবে ভারতীয় দলের জার্সি স্পনসর হিসেবে এশিয়া কাপে তাদের দেখা যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি।