নড়াইলে অসুস্থ হয়ে কারাগারে থাকা হাজতির মৃত্যু
ছবি : প্রতীকি
নড়াইলে হত্যা মামলায় কারাগারে থাকা আসামি হুমায়ুন শেখ (৪২) নামে একজন অসুস্থ হয়ে মারা গেছেন।
শুক্রবার (২২ আগস্ট) মধ্যরাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল জেলা কারাগারে থাকা হুমায়ুন শেখ নামে ওই ব্যক্তি কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামালার ৮ নম্বর এজাহারনামীয় আসামি। তিনি ২ মাস ধরে জেলা কারাগারে ছিলেন। গত ৪-৫ দিন যাবত জ্বরে ভুগছিলেন। শুক্রবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে জেলা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক অলোক কুমার বাগচি তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।
জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বলেন, গত ৪/৫ দিন যাবত ওই ব্যক্তি জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।