গত ১২ মাসে টেনিসে সবচেয়ে বেশি আয় করেছেন আলকারাজ
ছবি: সংগৃহীত
গত এক বছরে টেনিস কোর্টে সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের জন্ম দিয়েছেন ২২ বছর বয়সী কার্লোস আলকারাজ ও ২৪ বছর বয়সী ইয়ান্নিক সিনার। এ সময় চারটি গ্র্যান্ডস্লাম শিরোপা তারা দুজনই জিতেছেন। এর বাইরে এটিপি শিরোপা জিতেছে আরো আটটি। এখন দেখার বিষয়, কোর্টের বাইরের লড়াইয়ে কে এগিয়ে।
টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সর্বোচ্চ আয়কারী টেনিস খেলোয়াড় হয়েছেন আলকারাজ। ফোর্বসের সমীক্ষা বলছে, এ সময় তিনি আয় করেছেন ৪ কোটি ৮৩ লাখ ডলার। অবশ্য এই আয় থেকে তিনি কর ও এজেন্ট ফি পরিশোধ করেছেন। আগের বছর তার আয় ছিল ৪ কোটি ২৩ লাখ ডলার। তার কাছাকাছি আয় করেছেন সিনার। ইতালিয়ান তারকার আয় ছিল ৪ কোটি ৭৩ লাখ ডলার। আগের বছর তার আয় ছিল ২ কোটি ৬৬ লাখ ডলার। কাজেই আয়ে বড় এক লাফ দিয়েছেন সিনার।
কোর্ট থেকে এক বছরে সিনারের আয় ছিল ২ কোটি ৩ লাখ ডলার। গত ১৮ মৌসুমে এর চেয়ে বেশি আয় ছিল শুধু নোভাক জোকোভিচের। ৩৮ বছর বয়সী জোকোভিচ ২০১৬ সালের জুনে শেষ হওয়া ১২ মাসে ২ কোটি ১৮ লাখ ডলার ও ২০১৯ সালে ২ কোটি ৬ লাখ ডলার আয় করেছিলেন। কোর্টে সিনারের আয় বেশি হলেও কোর্টের বাইরের আয়ে রাজা কিন্তু আলকারাজ। তিনি কোর্টের বাইরে থেকে আয় করেছেন ৩ কোটি ৫০ লাখ ডলার। এনডোর্সমেন্ট, বিভিন্ন কর্মসূচিতে উপস্থিতি, প্রদর্শনী ম্যাচ ও নানা ব্যবসা উদ্যোগ থেকে তিনি এ অর্থ আয় করেন।
২১ বছর বয়সী আমেরিকান কোকো গাফ ৩ কোটি ৭২ লাখ আয় করে তিনে, সার্বিয়ার নোভাক জোকোভিচ ২ কোটি ৯৬ লাখ ডলার আয় করে চারে ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা ২ কোটি ৭৪ লাখ ডলার নিয়ে পাঁচে অবস্থান করছেন। এছাড়া চীনের কিনওয়েন ঝেং ২ কোটি ৬১ লাখ ডলার, পোল্যান্ডের ইগা সিয়ানতেক ২ কোটি ৪০ লাখ ডলার, যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ ১ কোটি ৫৬ লাখ ডলার, একই দেশের ফ্রান্সিস তিয়াফো ১ কোটি ৫২ লাখ ডলার ও রাশিয়ার দানিল মেদভেদেভ ১ কোটি ৪৩ লাখ ডলার আয় করেছেন।
বিশ্বের শীর্ষ ১০ টেনিস খেলোয়াড় মিলে গত এক বছরে আয় করেছেন ২৮ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৩ হাজার ৪৬৪ কোটি টাকা), যা আগের বছরের চেয়ে ১৬ শতাংশ বেশি। আগের বছর অঙ্কটি ছিল ২৪ কোটি ৬০ লাখ ডলার। যদিও ২০২০ সালের ৩৪ কোটি ৩০ লাখ ডলারের রেকর্ডটা এখনো অক্ষত। সেবার এক রজার ফেদেরারই আয় করেছিলেন ১০ কোটি ৬৩ লাখ ডলার। এছাড়া রাফায়েল নাদাল ৪ কোটি ও সেরেনা উইলিয়ামস ৩ কোটি ৬০ লাখ ডলার আয় করেছিলেন।