সারোয়ার তুষারকে পুনর্বহাল করল এনসিপি

সারোয়ার তুষারকে পুনর্বহাল করল এনসিপি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে দলটি। এর ফলে তিনি পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে।

শনিবার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুন সারোয়ার তুষারকে নৈতিক স্থলনজনিত অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপর তিনি আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ এবং শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব প্রদান করেন।

এনসিপি জানিয়েছে, জবাব ও আলামত বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, একান্ত ব্যক্তিগত বিষয়টি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায্য বিচারের স্বার্থে গভীর পর্যবেক্ষণের দাবি রাখে। নোটিশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাসের জন্য সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এই সময়কালে তিনি দেশের বিভিন্ন পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে দলের প্রতিনিধিত্ব এবং মিডিয়ায় দলের অবস্থান উপস্থাপনসহ কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি।

দল জানিয়েছে, দুই মাসের বিরতির পর সব বিষয় বিশ্লেষণ করার পর সারোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হয়েছে।