কোরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সংগৃহীত
তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কোরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, জাতি গঠনে শিশু, কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা ও নীতি-নৈতিকতার চর্চা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, আমাদের নারী সমাজ জ্ঞান-বিজ্ঞানে যে অগ্রগতি অর্জন করছে, তার সুন্দর বহিঃপ্রকাশ এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ফুটে উঠছে। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কোরআন অলিম্পিয়াডে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুইজন বিজয়ীকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেয়া হয়। এছাড়া কেরাত প্রতিযোগিতার দুই গ্রুপে মোট ১০ জন বিজয়ীকে সাইকেলসহ সর্বমোট শতাধিক প্রতিযোগীর মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস হামিদী, বিএম সাবাব, ফারিদ খান, মাওলানা আল-আবিদ শাকির, মাওলানা জাকির হুসাইন ও মাওলানা কামাল উদ্দীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।