রাজধানীতে ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু
প্রতিকী ছবি
রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছয়তলা থেকে নিচে পড়ে শরিফুল ইসলাম (৩৫) নামে এক রড মিস্ত্রি নিহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) রাত প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শরিফুলের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সাজানি গ্রামে। তিনি ওই এলাকার ময়না মিয়ার ছেলে।
সহকর্মী আহমেদ আলী জানান, শরিফুল ছাদের ওপর রডের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।