নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলের শক্তিধর দলগুলোর ভিড়ে ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে লিখে ফেলেছে এক অনন্য গল্প। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো প্রতিপক্ষের বিপক্ষে দৃঢ়তা দেখিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়ে কেপ ভার্দে। এই ফলের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২ বা দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করে তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেশের পতাকা গায়ে জড়িয়ে উপস্থিত হন কেপ ভার্দের প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ফুটবল অঙ্গনে ‘বুবিস্তা’ নামে পরিচিত।
নিজেদের ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'এই মুহূর্তের অনুভূতি এখনো সতেজ। দলের সবাই বিশ্বাস করেছিল যে কঠোর পরিশ্রম করলে নকআউট পর্বে ওঠা সম্ভব, আর সেই বিশ্বাসই বাস্তবে রূপ নিয়েছে।'
গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে ওঠা কেপ ভার্দের কোচের ভাষায়, 'খেলোয়াড়রা বিশ্বের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে বদ্ধপরিকর ছিল। ছোট দেশ হলেও লক্ষ্য পূরণে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতাই তাদের সবচেয়ে বড় শক্তি।'
নকআউট পর্বে মিয়ামিতে কেপ ভার্দের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিয়ে বুবিস্তা বলেন, 'আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়া তাদের জন্য গর্বের। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং বহু কেপ ভার্দিয়ান আর্জেন্টিনায় বসবাস করেন। তবে মাঠে নিজেদের স্বকীয় ফুটবল খেলেই লড়াই করতে চায় তার দল।'
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বিপক্ষে খেলাকে বিশেষ অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন তিনি। বুবিস্তার মতে, 'অনেকের চোখে মেসি সর্বকালের সেরা ফুটবলার। তাই এমন একজন কিংবদন্তির বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচে নামা তার দল ও দেশের জন্য স্মরণীয় মুহূর্ত।'
সবশেষে দলের সাফল্যের মূল রহস্য তুলে ধরে কেপ ভার্দের কোচ বলেন, 'খেলোয়াড়দের পারস্পরিক ঐক্য, আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তাই তাদের এই ঐতিহাসিক অর্জনের সবচেয়ে বড় ভিত্তি।'