ডি ভিলিয়ার্স ইঙ্গিত দিলেন আইপিএলে ফেরার
সংগ্রহীত ছবি
নিজের ব্যাটিংয়ে আইপিএলকে বুদ করে রেখেছিলেন এবি ডি ভিলিয়ার্স। বাড়তি বিনোদন হিসেবে দর্শকরা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটারের অবিশ্বাস্য সব ক্যাচ এবং দারুণ থ্রোয়ের মুহূর্ত। তবে ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে ডি ভিলিয়ার্স অবসর নেওয়ার পর সে সব এখন শুধুই স্মৃতি।
২২ গজের সবুজ গালিচায় অনেক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দেওয়া ডি ভিলিয়ার্স এবার ভিন্ন ভূমিকায় আইপিএলে যুক্ত হতে চান।
কোচ-মেন্টর কিংবা অন্য কোনো ভূমিকায়। সেটিও প্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ফেরার বিষয়ে সম্প্রতি ভারতের সংবাদ সংস্থা আইএএনএসকে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন ‘৩৬০’ ডিগ্রি খ্যাত ব্যাটার।
আইপিএলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও পুরো মৌসুম কাজ করাটা তার জন্য কঠিন বলেও জানান ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার বলেছেন, ‘ভিন্ন ভূমিকায় ভবিষ্যতে হয়তো আইপিএলে যুক্ত হব। কিন্তু পুরো মৌসুম দায়িত্ব পালন করাটা কঠিন, আমি মনে করি সে সময় পার করে এসেছি। তবে কখনো না করতে পারেন না। আমার হৃদয়ে সব সময় আরসিবি থাকবে।
তাই আমার জন্য যদি তারা কোনো ভূমিকা (কোচ ও মেন্টর) আছে বলে মনে করে, যখন সময় আসবে আমি প্রস্তুত থাকব। আর অবশ্যই সেটা আরসিবি হবে।’
অবসর নেওয়ার আগে আইপিএলের অভিষেক আসর থেকেই খেলেছেন ডি ভিলিয়ার্স। ২০০৮ সালে শুরু হয় টুর্নামেন্টের প্রথম তিন আসর দিল্লি ক্যাপিটালসের পূর্ববর্তী নাম দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেন। ২০১১ সালে যোগ দেন আরসিবিতে।
এই দলের হয়েই পড়ে অবসর নেন। টুর্নামেন্টে অনেক রেকর্ড গড়লেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেননি। সর্বশেষ আসরে তার ‘প্রিয়‘ ক্লাব বেঙ্গালুরু প্রথমবার চ্যাম্পিয়ন হয়।