লিভারপুলের নাটকীয় জয়ের নায়ক ১৬ বছরের এনগুমোহা
ছবি : সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক নাটকীয় জয় তুলে নিয়েছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারাতে শেষ মুহূর্তে গোল করে নায়ক হয়ে উঠেছেন মাত্র ১৬ বছর বয়সী রিও এনগুমোহা।
সেন্ট জেমস পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিক নিউক্যাসল। তবে ৩৫ মিনিটে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যায় লিভারপুল। রায়ান গ্রাভেনবার্শ দূরপাল্লার শটে গোল করে লালদের এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডনের বিপজ্জনক ট্যাকলের পর লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় নিউক্যাসল।
বিরতির পর মাত্র ২৩ সেকেন্ডে হুগো একিতিকে ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু ১০ জন নিয়েই দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউক্যাসল। ৫৭ মিনিটে ব্রুনো গিমারাইসের হেডে ব্যবধান কমে আসে। ম্যাচের শেষ দিকে বদলি উইল ওসুলা ৮৮ মিনিটে গোল করে সমতায় ফেরান স্বাগতিকরা।
তবে সব নাটকের সমাপ্তি ঘটে ইনজুরি টাইমের ১০ম মিনিটে। বদলি হিসেবে নেমে ঠাণ্ডা মাথায় দারুণ এক শটে গোল করে লিভারপুলকে জয় এনে দেন কিশোর প্রতিভা এনগুমোহা।
ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট এই তরুণকে নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেন। তিনি বলেন, ১৬ বছর বয়সী একজনের জন্য এটা অসাধারণ গোল। তার বয়সে এমন আত্মবিশ্বাসী ফিনিশিং খুব কম দেখা যায়। এনগুমোহা প্রমাণ করেছে, এটা কোনো কাকতালীয় নয়।
অন্যদিকে, ম্যাচে দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি নিউক্যাসলের। লাল কার্ডের পাশাপাশি তারা চোটে হারিয়েছে ফাবিয়ান শার, স্যান্ড্রো টোনালি ও জোয়েলিন্টনকে। ফলে কোচ এডি হাওয়ের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।