এক বছরে সাড়ে ২২ হাজার কোটি টাকা নিট মুনাফা করল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
ট্রেজারি বিল, বন্ড এবং সরকারকে দেওয়া সুদে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েই চলেছে। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের পরিচালনা বাবদ মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা। সেখান থেকে আনুষঙ্গিক খরচ এবং কর বাদ দিয়ে নিট মুনাফা নিরূপণ করা হয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। সেই হিসাবে মাত্র এক বছরে নিট মুনাফা বেড়েছে প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পরিচালকদের ৪৪৩তম সভায় আর্থিক হিসাব বিবরণী অনুমোদন দেওয়া হয়।
বিবরণী অনুযায়ী, গত অর্থবছরের আয় থেকে ২২ হাজার ৬০০ কোটি টাকার বেশি নিট মুনাফা হয়েছে, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। আগের অর্থবছরে ১০ হাজার ৬৫২ কোটি টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছিল। এছাড়া মুনাফা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিজস্ব বেসিক বেতনের ৬ গুণ ইনসেন্টিভ বোনাস অনুমোদন দিয়েছে বোর্ড।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে নিট মুনাফা হয়েছিল ১০ হাজার ৭৪৮ কোটি টাকা, আর ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা দাঁড়িয়েছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকায়।