৩৪০ ফুট উঁচু বিদ্যুৎ টাওয়ারে যুবক
ছবি : সংগৃহীত
পিরোজপুরের স্বরূপকাঠিতে এক মানসিক ভারসাম্যহীন যুবক ৩৪০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে উঠে প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান করেন। এ ঘটনায় পুরো উপজেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো সংলগ্ন বৈদ্যুতিক টাওয়ারে ওঠেন ওই যুবক। তার নাম শঙ্কর বেপারী বাহাদুর (৩৮)। তিনি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামের মৃত নিকুঞ্জর ছেলে।
ঘটনার পর বিদ্যুৎ বিভাগ দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে সঞ্চালন লাইন বন্ধ করে দেয়। এতে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে পুরো উপজেলা।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে নামাতে ব্যর্থ হন। অবশেষে স্থানীয় চার যুবকের সাহসী প্রচেষ্টায় বিকেলে ওই যুবককে নিরাপদে নামানো সম্ভব হয়।
নেছারাবাদ (স্বরূপকাঠি) ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে স্থানীয় কিছু যুবকের সহায়তায় শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে নামানো সম্ভব হয়।
নেছারাবাদ থানার এসআই মো. নাসির জানান, উদ্ধারকৃত শঙ্কর বেপারীকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম বলেন, মেইন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ হওয়ায় ৫ ঘণ্টা পুরো উপজেলা বিদ্যুৎহীন ছিল।