বন্ধুর জানাজায় কান্না, ভাইরাল হওয়া সেই সুধীর বাবু আর নেই

বন্ধুর জানাজায় কান্না, ভাইরাল হওয়া সেই সুধীর বাবু আর নেই

ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাপাচোঁ গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র দাস (সুধীর বাবু) মারা গেছেন। মঙ্গলবার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সুধীর বাবুর ছেলে অর্জুন চন্দ্র দাস।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর গুণবতী বাজারের ব্যবসায়ী মীর হোসেন সওদাগরের জানাজায় অংশ নিয়ে অঝোরে কেঁদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন সুধীর বাবু। সেই আবেগঘন দৃশ্যে দেখা যায়—জানাজার সময় তিনি পেছনে একটি গাছের গুঁড়িতে বসে চোখের জল ফেলছেন। দুই ধর্মের দুই বন্ধুর অকৃত্রিম ভালোবাসার প্রতীক হয়ে ওঠে সেই ছবি, যা মুহূর্তেই মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

সুধীর বাবুর ছেলে অর্জুন চন্দ্র দাস বলেন, মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে আমার বাবা মারা গেছেন। রাতেই গ্রামের শ্মশানে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

অর্জুন আরও বলেন, আমার বাবা আর মীর হোসেন চাচা ছিলেন আজীবনের বন্ধু। ছোটবেলা থেকে একসঙ্গে খেলা, আড্ডা—সবকিছুতেই ছিলেন তারা পরস্পরের সঙ্গী। বাবার জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল মীর চাচার মৃত্যু। তখন থেকেই তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন।

এক সময় বন্ধুর জানাজায় কান্নায় ভেঙে পড়া সেই সুধীর বাবুও আজ তার বন্ধুর পথেই পাড়ি জমালেন।