টাঙ্গাইলে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রতিকী ছবি
টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড মদীনাতুল উলুম মাদরাসার পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত ইয়ামিনের বাড়ি উপজেলার যাদবপুর ইউনিয়নের কলাবাগান এলাকায়। সে ওই এলাকার প্রবাসী আ. করিম মিয়ার ছেলে। ইয়ামিন তার মায়ের সঙ্গে পৌরসভার ৬ নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকতো। সে সোনার তরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলো।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরের পর ইয়ামিন ফুটবল নিয়ে খেলতে বের হয়। বেলা ৩টার দিকে পুকুরে সে ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বলেন, ঘটনা শুনেছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।