আর্জেন্টাইন ফুটবলে নেইমারকে দেখতে চান দি মারিয়া
ছবি : সংগৃহীত
মাঠে আর্জেন্টিনা-ব্রাজিল মানেই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই। তবে এই দুই দেশের খেলোয়াড়রা এক ক্লাবে একসঙ্গে খেলার নজিরও কম নয়। লিওনেল মেসি ও নেইমারের দীর্ঘদিনের সম্পর্ক তার বড় প্রমাণ। বার্সেলোনা ও পিএসজিতে তারা ছিলেন সতীর্থ। আর সেখানেই যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়াও।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দি মারিয়া জানিয়েছেন, নিজের ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলতে তিনি সবচেয়ে বেশি দেখতে চান ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। মেসির নাম নয়, বরং নেইমারের নাম বেছে নেওয়া অনেককে অবাক করেছে।
৩৭ বছর বয়সী আর্জেন্টাইন তারকা বলেন, নেইমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা একটা কারণ। তাকে আমি ভীষণ ভালোবাসি। আমাদের সম্পর্কটাও দারুণ। এখনো নিয়মিত কথা হয়। আর্জেন্টাইন ফুটবলের প্রতি তার টান অনেক। রোজারিও-নিওয়েলস ম্যাচেও থাকতে চাইত।
প্রায় দুই দশক ইউরোপে কাটিয়ে চলতি বছরের মে মাসে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরেছেন দি মারিয়া। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়ে ফের নিজের শহরের দলে মাঠে নেমেছেন তিনি। ফেরার পর ইতোমধ্যে রোজারিও-নিওয়েলসের শতবর্ষ পেরোনো উত্তাপের ম্যাচেও গোল করে দলকে জয় এনে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা খেলোয়াড়।
নেইমারকে নিয়ে দি মারিয়া আরও বলেন, আমি চাই একদিন নেইমার এখানে খেলুক। ভবিষ্যতে আমি নিজেই তাকে আমন্ত্রণ জানাবো। সেটা হবে বিশেষ কিছু।
এদিকে নেইমারের ক্যারিয়ার এখন চোটে জর্জরিত। আল হিলাল ছাড়ার পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। এমনকি ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলের স্কোয়াডেও নেই তার নাম। সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল, তবে ইনজুরির কারণে নেইমার থাকবেন দর্শক হয়ে।
সবমিলিয়ে, ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে নেইমারকে আর্জেন্টাইন ক্লাবে খেলতে দেখার স্বপ্ন লুকোচ্ছেন না দি মারিয়া। এখন শুধু সময়ই বলবে, এই স্বপ্ন বাস্তবে রূপ নেয় কি না।