হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই ভাই, একজনের মরদেহ উদ্ধার

হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই ভাই, একজনের মরদেহ উদ্ধার

ছবি : প্রতীকি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে দুই ভাই নিখোঁজ হন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বড় ভাই বিরেন্দ্র গোপের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। ছোট ভাই দিরেন্দ্র গোপ (৬০) এখনো নিখোঁজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইটনা উপজেলা সদর ইউনিয়নের সহিলা ঘোষপাড়া গ্রামের হাওরে দুই ভাই জাল নিয়ে মাছ ধরতে যান। গভীর রাত হয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। যদিও সঙ্গে থাকা মাছের পাত্র পাওয়া গেল, দুই ভাইয়ের কোনো সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার সকালে হাওরে পুনরায় খোঁজাখুঁজি শুরু করলে দুপুর ২টার দিকে বিরেন্দ্র গোপের মরদেহ উদ্ধার করা হয়।

দিরেন্দ্র গোপের ছেলে বিজন গোপ বলেন, বাবা ও কাকা সন্ধ্যার দিকে মাছ ধরতে গিয়েছিলেন। বাড়িতে না ফেরায় আমরা সারারাত খোঁজাখুঁজি করেছি। বৃহস্পতিবার দুপুরে বড় ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছোট ভাই এখনও নিখোঁজ।

ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুশফিকুর রহমান জানান, জেলা ডুবুরি টিম উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। উদ্ধার অভিযান শেষ করে নিখোঁজ ব্যক্তির খোঁজ চলবে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।