ডাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে এজিএস পদে লড়বেন মহিউদ্দিন রনি

ডাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে এজিএস পদে লড়বেন মহিউদ্দিন রনি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করেছেন বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অনশন কর্মসূচি পালন করা আলোচিত মহিউদ্দিন রনি। তিনি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের একজন শিক্ষার্থী।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীতা ঘোষণা করেন।

এসময় তিনি ঢাবি শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, ঢাবি প্রশাসন শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হিসেবে কীটপতঙ্গের মতো জীবনযাপন উপহার দিয়েছে। তারা এখন পর্যন্ত শতভাগ আবাসন নিশ্চিত করতে পারেনি। স্বাধীনতার পর এত বছরের মধ্যে সবাই তাদের দলীয় স্বার্থ হাসিল করার জন্য কাজ করে গেছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য কোনো কাজ তারা করেনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই সদিচ্ছাটা নেই যে হলের আবাসিক শিক্ষার্থীদের ডালটা ঘন হবে নাকি পাতলা হবে। হলের ডালের ঘনত্ব দেখে মনে হয় কেউ মাত্র হাত ধুয়ে এঁটো পানি রেখে গেছে। বাহির থেকে কেউ আসলে বোঝার কোনো উপায় নেই এটা খাওয়ার ডাল নাকি এঁটো পানি। অথচ, আমরা এই প্রশাসনের কাছে অনেক কিছু আশা করেছিলাম।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী লিজা অকালেই মারা যায়। তার অসুখ সম্পর্কে যদি সে আগে থেকে জানতো তাহলে সে উপযুক্ত চিকিৎসা নিতে পারত। আমাদের ঢাবি মেডিক্যালে যদি ওই চিকিৎসার ব্যবস্থা থাকত তাহলে হয়ত এই সমস্যা হতো না। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের পুরষ্কৃত করছে।

রনি বলেন, আমাদের নারী শিক্ষার্থী বোনেরা প্রতিনিয়ত এই বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাটে হেনস্তা, ইভটিজিং এর শিকার হয়। এমন একটা বিশ্ববিদ্যালয় কি আমাদের কাম্য ছিল?

সবশেষে প্রার্থীতা ঘোষণা করে তিনি বলেন, আমাদের অনেক অভিযোগ ও অপ্রাপ্তির জায়গা আছে। সেখানে ডাকসু আমাদের জন্য একটি সম্ভাবনার দুয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত ঋণ পূরণ করার এখন সময় এসেছে। সেজন্য আমি সবার ম্যান্ডেট নিয়ে ও সবার কর্মী হয়ে এই সকল সংকট নিরসনে কাজ করে যেতে চাই।