ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী কুপিয়ে হত্যা
প্রতিকি ছবি
ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে (১৬) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাহিদা ওই এলাকার তার নানীর সঙ্গে থাকতেন এবং ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ছিলেন। তিনি চলমান এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে অংশ নিচ্ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদার মা লিজা আক্তার প্রবাসে থাকেন এবং বাবা নুর হোসেন বরিশালে বসবাস করেন। ঘটনার দিন বিকেলে নাহিদা ঘরে একা পড়াশোনা করছিল। এ সময় তার নানি দেলোয়ারা বেগম দুধ আনতে বাইরে যান এবং নাহিদাকে ভেতর থেকে দরজা বন্ধ রাখতে বলে যান। কিছু সময় পর ফিরে এসে তিনি ঘরের দরজা খোলা এবং রান্নাঘরে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন
পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নানির দাবি, ঘরে ফিরে তিনি নাতনিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং তার গলার চেইন ও কানের দুল পাওয়া যায়নি।
নিহতের মামা জানান, হাসপাতালে নেয়ার পর চিকিৎসক নাহিদাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামরাই থানার ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।