শহীদ জিয়া স্মৃতি চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আবিরপাড়া
সংগৃহীত
উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইবেকারে ২-০ গোলে নওপাড়া আবাবীল সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবিরপাড়া একাদশ।
শনিবার (৩০ আগস্ট) বিকালে সিরাজদিখান কোলা ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি এ খেলার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকসহ সব ধরনের অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে।
তিনি বলেন, যারা খেলাধুলা করেন তাদের মন ভালো থাকে। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।
ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. ফারুক উল আলমের সভাপতিত্বে ও মো. মহসিন ঢালীর সঞ্চালনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, সিরাজদিখান উপজেলা যুবদল আহ্বায়ক ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।