নিষেধাজ্ঞা উঠতেই হাজার জেলে সুন্দরবনে

নিষেধাজ্ঞা উঠতেই হাজার জেলে সুন্দরবনে

ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দিনেই সুন্দরবনে মাছ ধরতে রওনা হয়েছেন বাগেরহাট জেলার এক হাজার জেলে। শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের স্টেশন থেকে অনুমতিপত্র (পাসপারমিট) নিয়ে সোমবার ভোরে তারা বনে প্রবেশ করেন।

রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, অভয়ারণ্যে প্রবেশ না করা, বিষাক্ত দ্রব্য ব্যবহার না করা, বর্জ্য না ফেলা এবং বনজ সম্পদের ক্ষতি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বনদস্যুদের আক্রমণ হলে দ্রুত জানাতে স্টেশন ও টহল ফাঁড়ির নম্বর জেলেদের হাতে দেওয়া হয়েছে। নিরাপত্তায় স্মার্ট প্যাট্রলিং টিম ও বনরক্ষীরা নিয়মিত টহল দেবেন।

শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, প্রথম দিনে ২৫০টি নৌকায় প্রায় ৬০০ জেলে প্রবেশ করেছেন। অনেক জেলে এখনো নৌকা-জাল প্রস্তুত করতে পারেননি, কয়েক দিনের মধ্যে তারাও বনে যাবেন।

পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, জেলেদের সতর্ক করা হয়েছে। দস্যুভীতি থাকায় নিরাপত্তা জোরদারে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।