নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু
প্রতিকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কবির উদ্দিন (৫৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় রবিন ট্যাক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির উদ্দিন সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ফতেপুর গ্রামের মৃত তোয়ার মোল্লার ছেলে। তিনি রবিন ট্যাক্স নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন কবির। পথিমধ্যে বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে কবির ছিটকে খাদে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ কবিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক মুফাসসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, সকালে রবিন ট্যাক্স নামক পোশাক কারখানার একজন শ্রমিক মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবির প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের কাজ চলছে। এ ব্যাপারে পরবর্তী আইননি প্রক্রিয়া চলমান।