ডাকসু নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা
সংগ্রহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়াও হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন চালিয়ে যেতে কোনো বাধা নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে।
এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘যে সাইবার বুলিংগুলো হচ্ছে; বিশেষ করে নারী শিক্ষার্থীসহ এক প্রার্থী অপর প্রার্থী অথবা অন্য কেউ সমর্থক হওয়ায় দ্বিতীয় পক্ষের মাধ্যমে চরিত্রহনের চেষ্টা চলতেছে। এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি যাতে এ ধরনের কোন কিছু আমরা যদি পাই আমাদের সাইবার বুলিং টাস্কফোর্স এটা দ্রুত ব্যবস্থা নিবে। আপনারা চাইলে এই বিজ্ঞপ্তিটা প্রচার করে দিতে পারেন।
’
তিনি ভোটকেন্দ্রের সংখ্যা এবং ভোটিং সময় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কাজ করা সংশয় দূর করার চেষ্টা করে বলেন, ‘আমরা আমাদের পূর্বেই ৫০০টা বুথে ভোট নেওয়ার কথা ছিল আটটা কেন্দ্রে। সেখানে আমরা বাড়িয়ে ৭১০ টা করেছি। আমরা প্রতি ভোটারের জন্য ৮ মিনিট সময় রেখেছি। ৪০ হাজার এর মতো ভোটার ধরে।
আপনারা জানেন ১০০ শতাংশ ভোট কখনো কাউন্ট হয় না, তারপরে আমরা ধরেছি। এরপরে আমরা এক ঘণ্টা সময় বাড়িয়েছি। ভোটিং টাইম ৮টা থেকে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোটিং চলবে। এরপরে ৪টার আগে কেউ যদি ভোটিংকেন্দ্রের আঙ্গিনার ভেতর উপস্থিত হয়। আর সেই সংখ্যা যদি ১০, ২০, ৫০ ও হয় সেগুলোকে আমরা কেন্দ্রে নিয়ে ভোটদানের ব্যবস্থা করব।
এতে কোনো ধরনের কার্পণ্য হবে না।’