থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

সংগ্রহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া পুলিশের ৮টি সাউন্ড গ্রেনেড, একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব-১০। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান র‍্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকা থেকে লুট হওয়া ৪টি সাউন্ড গ্রেনেড গত ৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে  উদ্ধার করা হয়।

এ সময় মোহাম্মদ ফয়সাল খান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরো ৪টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। তবে সাউন্ড গ্রেনেডের কোন সিরিয়াল নম্বর না থাকায় এগুলো কোন থানা থেকে লুট হয়েছিল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কচুয়ায় মাঝিরকান্দি এলাকা থেকে ৫ আগস্ট যাত্রাবাড়ী থানা থেকে অস্ত্র লুট হয়ে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অস্ত্রের সিরিয়াল দেখে বোঝা যায় যাত্রাবাড়ী থানা থেকে এই অস্ত্র লুট হয়েছে।