তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, কী ঘটেছিল

তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, কী ঘটেছিল

ছবি : প্রতীকি

ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের নাম তোয়াজ উদ্দিন শেখ। তিনি ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে ওই ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরেন। স্ত্রী-সন্তান না থাকায় তিনি গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। সবশেষ সোমবার (১ সেপ্টেম্বর) গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পায়নি।

এদিকে নিহত ওই ব্যবসায়ীর ঘরের দেয়ালে সাঁটানো একটি চিরকুট পাওয়া যায়। সেখানে দুর্বৃত্তরা হত্যার কারণ লিখেছেন। তবে  এ নিয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি।

তিনি আরও বলেন, সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।