পর্যটন এলাকা নিরাপদ রাখতে কক্সবাজারে ১৩ জন আটক
ছবি : প্রতীকি
পর্যটন শহর কক্সবাজারকে নিরাপদ রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ট্যুরিস্ট পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হোটেল ও কটেজ থেকে ১৩ তরুণ-তরুণীকে আটক করেছে।
বুধবার দিবাগত রাতে পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার কয়েকটি আবাসিক হোটেল ও কটেজে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘সম্প্রতি কটেজ জোন এলাকায় ছিনতাই, হত্যাকাণ্ডসহ নানা অপরাধ বেড়েছে। এছাড়াও পর্যটকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ আমরা পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘কক্সবাজারকে পর্যটকদের জন্য শতভাগ নিরাপদ করতে হবে। এজন্য অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। কটেজ জোন পুরোপুরি অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান চলবে।’
আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।