গ্যাস বিস্ফোরণে দম্পতির মৃত্যু

গ্যাস বিস্ফোরণে দম্পতির মৃত্যু

সংগ্রহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মানব চৌধুরীর পর এবার তার স্ত্রী বাচা চৌধুরীও মারা গেছেন।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর কয়েক ঘণ্টা আগেই একই হাসপাতালে মারা যান তার স্বামী মানব চৌধুরী। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বাচা চৌধুরীর শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

বাচা চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। তিনি স্বামী ও সন্তানদের নিয়ে কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের ৩ নম্বর গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে তাদের বাসায় গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে মানব-বাচা দম্পতি এবং তাদের তিন মেয়ে গুরুতর দগ্ধ হয়।

তিন মেয়ের মধ্যে তিন্নি (১২) ২২ শতাংশ, মুন্নি (১৪) ২৮ শতাংশ ও মৌরি (৬) ৩৬ শতাংশ দগ্ধ হয়ে এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।