আড়িয়াল বিলকে মডেল পর্যটন এলাকায় রূপান্তরের ঘোষণা বিএনপি নেতা সপুর

আড়িয়াল বিলকে মডেল পর্যটন এলাকায় রূপান্তরের ঘোষণা বিএনপি নেতা সপুর

ছবি : সংগৃহীত

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মুন্সীগঞ্জের আড়িয়াল বিলকে একটি মডেল পর্যটন এলাকায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকায় আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, আড়িয়াল বিল দেশের একটি প্রাকৃতিক সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষায় বিএনপি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেবে। এখানে শুধু মাছ নয়, সবজি ও শস্য উৎপাদনের দিকেও গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আড়িয়াল বিলকে মডেল এলাকায় রূপান্তর করা হবে।

এ সময় মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মো. আব্দুর রহিম, শ্রীনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমীর হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।