বায়ুদূষণে শীর্ষে ম্যানিলা, ঢাকার বায়ুমান সহনীয়
ফাইল ছবি
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার ঢাকার বায়ুমান সহনীয় পর্যায়ে রয়েছে। তবে আজ ঢাকার বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বেশি।
বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী- ঢাকার বায়ুমান ৭৩। দূষিত বাতাসের শহরের তালিকায় আজ রাজধানীর অবস্থান ২৮তম। সোমবার (৮ সেপ্টেম্বর) একই সময়ের রেকর্ড অনুযায়ী ৬৬ বায়ুমান নিয়ে ৩৩তম অবস্থানে ছিল ঢাকা।
আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে ফিলিপাইনের ম্যানিলা। শহরটির বায়ুমান ১৪৫, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, উগান্ডার কাম্পালা, ইন্দোনেশিয়ার জাকার্তা ও সৌদি আরবের রিয়াদ। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৪২, ১৩০, ১২৩ ও ১১৭।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে- ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।