দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ষষ্ঠ

দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ষষ্ঠ

ফাইল ছবি

বৃষ্টির পর রাজধানীর বাতাসে কিছুটা স্বস্তি মিললেও বায়ুদূষণের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। 

এদিন রাজধানীর বায়ুমান সূচক ছিল ১২২, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স থেকে এ তথ্য পাওয়া গেছে।

সূচক অনুযায়ী, ১৮৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। এই মাত্রার বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার আরেক শহর কুয়ালালামপুর। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৬৩। দূষিত শহরের তালিকায় এরপর রয়েছে পাকিস্তানের লাহোর, উগান্ডার রাজধানী কাম্পালা, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চিলির সান্তিয়াগো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান মাঝারি বা সহনীয় ধরা হয়।

অন্যদিকে, সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।